নেত্রকোনায় একটি বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেম লাগিয়ে গান বাজনা ও ছবি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোস্তফা আমীর ফয়সাল (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। একই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা আমীর ফয়সাল ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বামনীকোনা গ্রামের সংসদ বাজার এলাকার ইদ্রিস আলীর মেয়ে শাবানার সঙ্গে বৈখেরহাটী এলাকার ধৈঞ্চা গ্রামের রাজিবের বিয়ে উপলক্ষে সোমবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানো হচ্ছিল।
এ সময় একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম (১৯) কয়েকজন বন্ধুকে নিয়ে সেখানে গিয়ে নাচ-গান শুরু করেন। একপর্যায়ে ফয়সাল তাদের সেখান থেকে চলে যেতে বললে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মাসুম সেখান থেকে চলে যান।
কিছুক্ষণ পর মাসুম পরিবারের সদস্যদের নিয়ে ফিরে এসে ফয়সাল ও তার স্বজনদের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ফয়সাল, তার চাচাতো ভাই রবিন হাসান (১৯), আব্দুল্লাহ আল ফাহিম (১৮) এবং চাচা সাদেকুল ইসলাম (৪৫) আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ফয়সাল ও সাদেকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন ফয়সালের মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, বিয়ের অনুষ্ঠানে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফয়সাল নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরো বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।