রাজবাড়ীর গোয়ালন্দে ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে বিশাল আকৃতির এ মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে মুক্তার মন্ডল ওরফে মুক্তার চালাকের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, সকালে জেলে মুক্তার ও তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে বিশাল আকৃতির এই কাতল মাছটি আটকা পড়ে। পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়তে আনা হয়। ওজন করে দেখা যায় মাছটির ওজন ২৫ কেজি। এ সময় বিশাল মাছটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, উন্মুক্ত নিলাম থেকে ২৫ কেজি ওজনের কাতল মাছটি তিনি কিনেছেন। মাছটি ঢাকার গুলশানে ডেলিভারি দেয়া হয়েছে বলে জানান এই মাছ ব্যবসায়ী।