চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমাতে মোংলা বন্দরের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দরের ব্যস্ততা অনেক বেশি। এ কারণে সেখানে যানজট ও জাহাজজটও বেশি হয়। কিন্তু মোংলা বন্দরের ব্যবহার তুলনামূলকভাবে অনেক কম। মোংলার ব্যবহার বাড়লে শুধু চট্টগ্রামের চাপই কমবে না, বরং মোংলা বন্দর ও কাস্টমস হাউসের আয়ও বাড়বে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টায় মোংলা কাস্টমস হাউসের সুন্দরবন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা মাঠপর্যায়ের সমস্যা জানতেই সরেজমিন পরিদর্শনে যাচ্ছি। আমরা জানতে চাই মোংলা বন্দরের সক্ষমতা কতটুকু, কীভাবে এটি ব্যবহার হচ্ছে, কীভাবে আরো বাড়ানো যায়। এখানে কর্মরত কর্মকর্তাদের সমস্যা সম্পর্কেও জানতে চাই। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
সকালে মোংলায় পৌঁছেই প্রথমে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এনবিআর চেয়ারম্যান। পরে সিএন্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে আরেকটি বৈঠক করেন। এর আগে তিনি মোংলা বন্দর জেটি এলাকা পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মো. মোয়াজ্জেম হোসেন, একান্ত সচিব আতাউল গনি ওসমানী, জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ ও মোংলা কাস্টমস হাউসের কমিশনার মু. সফিউজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।