সাতক্ষীরা-পাইকগাছা সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকাল ৬টার দিকে তালা-পাইকগাছা সড়কের তেতুলিয়া মিয়ার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার প্রসাদপুর গ্রামের হাফিজুল কবিরের ছেলে মেহেদী হাসান এবং একই গ্রামের খোকন গাজীর ছেলে নাসিম গাজী।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে মেহেদী হাসান ও নাসিম গাজী মোটরসাইকেলে করে তালা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ওষুধবাহী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। কাভার্ডভ্যানটি উল্টে খাদে পড়ে যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।