নেত্রকোনার মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দিলীপ খাঁ (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
গতকাল দুপুরে উপজেলার নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিলীপ খাঁ নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত খোরশেদ খাঁর ছেলে।গুরুতর আহত রুবি আক্তার ও সাইদুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অন্যরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে আলিম উদ্দিনের ছেলে হাসানের সঙ্গে মনসুর মিয়ার ছেলে মুসতাকিমের তর্কবিতর্ক হয়। গ্রামের মাতুব্বররা গতকাল সকালে সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসা করেন। উভয় পক্ষ মেনে নিলেও বৈঠকস্থল থেকে বেরিয়ে দুপুরে বাড়ির সামনে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দিলীপ খাঁ টেঁটাবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ‘নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’