বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পুরোটাই আভ্যন্তরীণ কিংবা বিদেশী ঋণের ওপর নির্ভরশীল। দেশের উন্নয়ন কর্মসূচি এভাবে চলতে থাকলে বাংলাদেশ অচিরেই বিপজ্জনক অবস্থার দিকে যাবে বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, আমাদের রাজস্ব ব্যয় ও আহরণ দুটোই সমান। বার্ষিক উন্নয়ন কর্মসূচির পুরোটাই চলছে ঋণের ওপর। এটি একটি দুর্বল মডেল। এ মডেল চলতে থাকলে দেশ একটা বিপজ্জনক ও বাধ্যতামূলক ঋণ মডেলের মধ্যে পড়ে যাবে। এখান থেকে বেরিয়ে আসা আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর মতিঝিলে এক অর্থনৈতিক সেমিনারে এসব কথা বলেন তিনি। 'বাই-অ্যান্যুয়াল ইকনোমিক স্টেট অ্যান্ড ফিউচার আউটলুক অব বাংলাদেশ ইকোনমি-প্রাইভেট সেক্টর পার্সপেক্টিভ' শিরোনামে এ সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
সেমিনারে মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ পিছিয়ে দেয়ার আবেদন করলেও আমাদেরকে ২০২৬ সালের নভেম্বরই এলডিসি উত্তরণের জন্য প্রস্তুতি রাখতে হবে। কারণ, এ আবেদন গৃহীত নাও হতে পারে।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ড. মনজুর হোসাইন। এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক নীতি বিভাগের পরিচালক (গবেষণা) মাহমুদ সালাহউদ্দিন নাসের ও এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা প্রমুখ।