বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে নিহত ২

বগুড়ায় আদমদীঘি উপজেলার বোয়ালিয়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় ভটভটি (নছিমন) উল্টে মাছ ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর রানীনগর উপজেলার আমগ্রামের লালু প্রামানিকের ছেলে মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫০) ও একই উপজেলার খানপুর গ্রামের তাছের উদ্দিনের ছেলে ভটভটি চালক চঞ্চল হোসেন (৪৫)।

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ জানায়, সোমবার সকালে উল্লেখিত ব্যক্তিরা জেলার দুপচাঁচিয়া উপজেলা সদরের বাজারে মাছ বিক্রি করে একটি ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন। পথে আদমদীঘি উপজেলার বোয়ালিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভটভটি উল্টে চালক ও মাছ ব্যবসায়ী আহত হন।

তাদের উদ্ধার করে আদমদীঘি ফায়ার সার্ভিস। হাসপাতালে নেয়ার পথে মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম মারা যান। এর কিছু পরে ভটভটির চালক চঞ্চল হোসেনও মারা যায়।

বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরও