সরকারি এলপি গ্যাস বিক্রয়ে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৬ মে) এ অভিযান পরিচালনা করা হয়।
দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সংগৃহীত রেকর্ডপত্র, সংশ্লিষ্টদের বক্তব্য এবং ডিলার ও গ্রাহকদের বক্তব্য বিশ্লেষণে দেখা যায়, বিপিসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড প্রতি বছর প্রায় ১৩-১৪ হাজার মেট্রিক টন এলপিজি গ্যাস প্রায় ১৪ লাখ সিলিন্ডারে বোতলজাত করে চারটি প্রতিষ্ঠান পদ্মা, যমুনা, মেঘনা ও এশিয়াটিকের মাধ্যমে বাজারজাত করে। যেখানে প্রতি ১২.৫ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের খুচরা মূল্য নির্ধারণ করা হয় ৬৯০ টাকা। এ সিলিন্ডারগুলো চারটি প্রতিষ্ঠান কর্তৃক নিবন্ধিত ডিলারদের মাধ্যমে বাজারে সরবরাহের জন্য প্রদান করা হয়, যারা সরকারি ৬৯০ টাকা মূল্যের এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে ক্রস ফিলিংয়ের মাধ্যমে বেসরকারি সিলিন্ডারে বোতলজাত করে প্রতি সিলিন্ডার ১৪০০-১৫০০ টাকা দরে অসাধুভাবে বিক্রয় করে। অভিযানকালে একজন ডিলার কর্তৃক ১০/১৫ জন ডিলারের অথরাইজেশন নিয়ে একাই বরাদ্দকৃত গ্যাস উত্তোলন ও অধিক মূল্যে বিক্রয়ের তথ্য পায় দুদক টিম।
সার্বিক বিবেচনায় মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও ভুয়া লাইসেন্স ব্যবহার করে সরকারি গ্যাস উত্তোলন ও সরবরাহ করা হচ্ছে এমনটি টিমের নিকট পরিলক্ষিত হয়, যাতে এলপি গ্যাস লিমিটেড, বিপিসি ও সরবরাহকারী প্রতিষ্ঠানের দায়িত্বে ব্যাপক অবহেলা ও তদারকির অভাব রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। এ প্রক্রিয়ায় অসাধুভাবে সরকারি গ্যাস অধিক মূল্যে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে মর্মে প্রাথমিক তথ্য-প্রমাণ প্রাপ্তির প্রেক্ষিতে টিম এ অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কমিশনের পরবর্তী সিদ্ধান্তের জন্য পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। একই অভিযোগে চট্টগ্রাম জেলা কার্যালয়-১ থেকেও একটি অভিযান পরিচালনা করা হয়। পতেঙ্গাতে এলপি গ্যাস লিমিটেডের প্রধান কার্যালয়, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয় থেকে অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র পর্যালোচনায় সরকারি সিলিন্ডারের গ্যাস বিক্রি ও ডিলারশীপ প্রদানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া যায় মর্মে টিমের কাছে প্রতীয়মান হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পূর্ণাঙ্গরূপে পর্যালোচনাপূর্বক টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে দুদক জানিয়েছে।