বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন সড়কের বেইলি ব্রিজ ভেঙে গেছে।
গতকাল সকাল সাড়ে ৭টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ব্রিজ ভেঙে যাওয়ায় বরিশাল-বানারীপাড়া-নেছারাবাদ সড়কের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়ক ব্যবহারকারীরা।
স্থানীয়রা জানান, পাথরবোঝাই ট্রাকটি বরিশাল থেকে নেছারাবাদ যাচ্ছিল।
সকাল সাড়ে ৭টার দিকে ট্রাকটি ব্রিজের মাঝ বরাবর উঠলে ব্রিজটি আংশিকভাবে ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়।
এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
তবে ভাঙা ব্রিজের একটি অংশ দিয়ে হেঁটে পথচারীরা চলাচল করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল সদরের সঙ্গে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক।
এক
দশক আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ।
ওইসময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়।
ওই
ব্রিজ দিয়ে এতদিন গাড়ি চলাচল করছিল।
তবে অস্থায়ী বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় বরিশালের সঙ্গে নেছারাবাদ ও বানারীপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আমিনুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা জানান, বরিশাল সদরের সঙ্গে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন সড়কটি।
বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন খালের ওপর একটি ব্রিজ ছিল।
ওই
ব্রিজটি ভেঙে নতুন করে নির্মাণের জন্য এক দশক আগে উদ্যোগ নেয়া হয়।
ওই
সময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়, যা দিয়ে এত দিন গাড়ি চলাচল করে আসছিল।
গতকাল ব্রিজটি ভেঙে যাওয়ায় বরিশালের সঙ্গে নেছারাবাদ ও বানারীপাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এতে চরম ভোগান্তিতে রয়েছে ওই সড়ক দিয়ে যাতায়াতকারীরা।
দ্রুত ব্রিজটি মেরামত করা না হলে এ ভোগান্তি আরো বাড়বে।
এদিকে বরিশাল-নেছারাবাদ সড়কের যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
পাশাপাশি বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, ব্রিজের ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পাথর নিয়ে ট্রাকটি পারাপারের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
ট্রাকটি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে বরিশাল, বানারীপাড়া ও বাবুগঞ্জের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সড়ক ও জনপথের লোকজন কাজ করছে।
আশা করছি, দ্রুতই ট্রাকটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা যাবে।
এদিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান জানান, বরিশাল-নেছারাবাদ সড়কের যান চলচলাচল স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি জানান, ধারণক্ষমতার চেয়ে বেশি ওজনের পাথর নিয়ে ট্রাকটি ব্রিজের ওপর উঠায় তা ভেঙে পড়েছে।
খালে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারে এরই মধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
ট্রাক উদ্ধারের পর ভেঙে পড়া ব্রিজ মেরামত করে যান চলাচলের উপযোগী করে তোলা হবে।