সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণ এবং হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পাতার অভিযোগে চার ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। আজ শনিবার ভোর ৪টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের মৃগামারী খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোংলা উপজেলার দক্ষিণ চিলা এলাকার ফরিদ হাওলাদার (৫৫), আতাউর খান (৫৬), মোজাম জমাদ্দার (৩৩) ও রুহুল জমাদ্দার (৩৫)। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম জানান, চাঁদপাই স্টেশন ও আন্দারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রের বনকর্মীরা মৃগামারী খাল এলাকায় যৌথ টহলে ছিলেন। ভোরে একটি ডিঙ্গি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেয়া হয়। তবে নৌকায় থাকা ব্যক্তিরা বৈঠা বেয়ে পালানোর চেষ্টা করলে বনকর্মীরা স্পিডবোট ও ট্রলার নিয়ে ধাওয়া করে নৌকাসহ চারজনকে আটক করেন।
পরে নৌকাটি তল্লাশি করে ৩০০ ফুট হরিণ শিকারের মালা ফাঁদ, ১০৫ কেজি জীবিত কাঁকড়া, মাছ ধরার ৫০টি নিষিদ্ধ চারু, তিনটি পানির ড্রাম, একটি দা ও একটি করাত জব্দ করা হয়।
বন আইনে মামলা করার পর আটক চারজনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।