পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরপর সেখান থেকে তার নাতনিকে অপহরণের করে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ।
নিহতরা হলেন— ভবানিপুর উত্তরপাড়ার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম (৬৫) এবং তার ছেলে জয়নাল খার মেয়ে জামিলা আক্তার (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে স্থানীয় কয়েকজন বাড়ির সামনে রাস্তায় বের হন। তবে কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। সকালে বাড়ির উঠানে সুফিয়া বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার নাতনি জামিলা আক্তারকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারা এবং কি কারণে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।