চলতি বছরের জানুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৫৮ শতাংশে দাঁড়িয়েছে। গেল বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে মূল্যস্ফীতি কিছু কমে এলেও নভেম্বর থেকে তা আবার বাড়তে শুরু করে। চলতি বছরের জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানুয়ারি মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ। এর আগে গেল বছরের ডিসেম্বর মাসে ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ, নভেম্বরে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ, অক্টোবরে ছিল ৮ দশমিক ১৭ শতাংশ এবং সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত বছরের মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৫ শতাংশ। এরপর থেকে অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস থেকে ৯ শতাংশের নিচে নেমে আসে মূল্যস্ফীতি।
বিবিএসের তথ্যানুসারে, ২০২৬ সালের জানুয়ারিতে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ২৯ শতাংশ হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৭২ শতাংশ, আর ডিসেম্বরে ছিল ৭ দশমিক ৭১ শতাংশ।
এ ছাড়া খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা কমে হয়েছে ৮ দশমিক ৮১ শতাংশে। ২০২৫ সালের ডিসেম্বরে এ হার ছিল ৯ দশমিক ১৩ শতাংশ এবং জানুয়ারিতে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।