কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুট লম্বা মৃত বেলিন তিমি

এদিন সকালে কুয়াকাটা থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে তিমিটিকে ভাসতে দেখেন জেলেরা। স্থানীয়দের ভাষ্য, গত দুই দশকে সৈকতে ভেসে আসা তিমিগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ৫৮ ফুট লম্বা একটি মৃত বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে। আজ বুধবার দুপুরের পর সৈকতের ঝাউবাগানসংলগ্ন পূর্ব অংশে তিমিটি ভেসে আসে।

এদিন সকালে কুয়াকাটা থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে তিমিটিকে ভাসতে দেখেন জেলেরা। স্থানীয়দের ভাষ্য, গত দুই দশকে সৈকতে ভেসে আসা তিমিগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।

খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার সদস্যরা ঘটনাস্থলে যান এবং তিমিটি উদ্ধারের চেষ্টা করেন। প্রথমে তিমিটির দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে পরে মেপে দেখা যায়, তিমিটির দৈর্ঘ্য ৫৮ ফুট।

তিমিটি আংশিক পঁচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সাগরের স্রোতের টানে সেটি ধীরে ধীরে ঝাউবন এলাকার সৈকতে ভেসে আসে।

তিমির কিছু অংশ পচে গিয়েছে

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার আহ্বায়ক বাচ্চু খলিফা বলেন, ধারণা করা হচ্ছে প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে কী কারণে এর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরো বলেন, এত বড় একটি তিমির মৃত্যু জীববৈচিত্র্যের জন্য উদ্বেগের বিষয়। একই সঙ্গে তিমিটির কঙ্কাল সংরক্ষণের দাবি জানান তিনি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ঘটনাস্থলে বন বিভাগের বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও