কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আয়শা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের চর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ডোবায় এ ঘটনা ঘটে।
নিহত আয়শা রংপুরের মিঠাপুকুর উপজেলার বেলগছা এলাকার রঞ্জু মিয়ার মেয়ে। নানার বাড়িতে বেড়াতে এসেছিল সে। তার নানা আব্দুল খালেক বল্লভের খাষ ইউনিয়নের চর মাদারগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আয়শা তার সমবয়সী কয়েকজনের সঙ্গে ওই ডোবায় গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে যায় সে। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।