সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভুইয়া জানান, শহীদ এম মনসুর আলী স্টেশনে একটি লেন থাকায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব জেলার সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। আজ সকাল ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেনটির ‘ঝ’ বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। অন্যদিকে যমুনা সেতুর পূর্বপারে একতা এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস আটকা পড়েছে।

এছাড়া, পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভুইয়া জানান, শহীদ এম মনসুর আলী স্টেশনে একটি লেন থাকায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব জেলার সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

লাইনচ্যুত বগিটি উদ্ধারে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। দ্রুত রেল বগিটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও