ব্রেভ ডেঞ্জার গ্যাংয়ের প্রধানসহ গ্রেফতার ৮

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের সন্ত্রাসী গ্রুপ ব্রেভ ডেঞ্জার স্ট্রং কিং (বিডিএসকে) গ্যাংয়ের প্রধান হৃদয় ওরফে হিটার হৃদয়সহ ৮ জনকে দেশী ও বিদেশী অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের সন্ত্রাসী গ্রুপ ব্রেভ ডেঞ্জার স্ট্রং কিং (বিডিএসকে) গ্যাংয়ের প্রধান হৃদয় ওরফে হিটার হৃদয়সহ ৮ জনকে দেশী ও বিদেশী অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রোববার (২৯ জানুয়ারি) দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এর তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাবের একটি দল রাজধানীর সদরঘাট লঞ্চ স্টেশন, মোহাম্মদপুর বেড়িবাঁধ ও ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে।

পরে মোহাম্মদপুরের আস্তানায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুটি চাপাতি, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, চারটি ছুরি, দুটি হাঁসুয়া, একটি কাঁচি ও একটি রড উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গত ৭ জানুয়ারি রাত ৮টার দিকে আদাবরের তিন রাস্তার মোড় এলাকায় একজনকে জখম করে মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। কিছুদিন আগে ওই এলাকায় এক কলেজছাত্রের কাছ থেকেও একই কায়দায় ছিনতাই করা হয়।

পরে তদন্তে নেমে ওই ছিনতাইকারী গ্যাংয়ের সন্ধান পায় র‍্যাব। গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েক বছর আগে হৃদয়ের নেতৃত্বে গ্যাংটি গঠিত হয়। এই চক্রে ২০-২৫ জন সদস্য রয়েছে।

তারা মোহাম্মদপুর, আদাবর, বেড়িবাঁধ ও ঢাকা উদ্যান এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম করত। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

আরও