স্নাতক সমমানের গ্রেড, পদোন্নতি ও টেকনিক্যাল মর্যাদাসহ ৬ দফা দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা।
স্বাস্থ্য সহকারীরা জানান, স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক সমমান যুক্ত করে ১৪তম গ্রেড ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীত করার দাবি রয়েছে তাদের। পাশাপাশি তারা মাঠ পর্যায়ের কর্মীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেডে পদোন্নতি ও অন্যান্য আর্থ-প্রশাসনিক সুবিধা নিশ্চিত করার দাবিও জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক সম্পাদক লাকী খাতুন, স্বাস্থ্য সহকারী মাসুদ রানা, মাহাবুব ও আয়নাল প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে দীর্ঘদিন আগে দেয়া সুপারিশের বাস্তবায়ন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা আরো কার্যকর ও টেকসই করতে হলে এসব দাবি পূরণ জরুরি। তারা জানান, কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।