নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় ডাক্তারদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি এ পরিদর্শন করেন। এ সময় কর্তব্যরত ১৬ জন ডাক্তারের মধ্যে মাত্র ৮ জনকে উপস্থিত পাওয়া যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২১ জন ডাক্তার কর্মরত রয়েছেন। এর মধ্যে ৫ জন ছুটিতে থাকায় সেদিন ১৬ জনের দায়িত্ব পালনের কথা ছিল। তবে পরিদর্শনের সময় ৮ জন ডাক্তার উপস্থিত ছিলেন। পরে আরো ২ জন ডাক্তার নির্ধারিত সময়ের পর হাসপাতালে আসেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তাররা সময়মতো কর্মস্থলে আসেন না বলে আগে থেকেই অভিযোগ ছিল। সে অভিযোগের ভিত্তিতেই সকালে তিনি হাসপাতালে পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পান।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যারা উপস্থিত ছিলেন না, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল-মামুনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।