জয়পুরহাটের কালাই উপজেলায় প্রাইভেট কার ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু ও দুজন আহত হয়েছেন। আজ বুধবার (১৯ মার্চ) বিকালে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন— কালাই উপজেলার ঘুগোইল গ্রামের মোফাজ্জল হোসেন মণ্ডল (৪০) ও ইদ্রিস আলী (৬০)। আহত হয়েছেন ভ্যানচালক নুরুল ইসলাম আকন্দ ও আশরাফ আলী।
কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, ভ্যানচালক নুরুল ইসলাম আকন্দ বাঁশের ব্রিজ এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে পুনট বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।