বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করার প্রস্তাবের প্রতিবাদ ও চারটি আসন বহাল রাখার দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। ঘোষিত তিন দিনের কর্মসূচির অনুযায়ী, ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাটাখালি থেকে নওয়াপাড়া মহাসড়ক অবরোধ, ২৪ আগস্ট রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা-মাওয়া মহাসড়কের বিভিন্ন জায়গা ও মোড়ে অবরোধ কর্মসূচি এবং জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে অবস্থান কর্মসূচি। এছাড়া ২৫ আগস্ট সোমবার একই সময়ে ঢাকায় নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এসময় এটিএম আকরাম হোসেন তালিম বলেন, বাগেরহাটের চারটি আসন বহাল রাখার বিষয়ে আমরা সব দল একমত হয়েছি। আসন বহাল রাখার জন্য আমরা সবকিছু করতে রাজি আছি।
এ সময় জেলা জামায়েতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি মাওলানা ইউনুস আহমেদসহ সর্বদলীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপস্থিত সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিম বলেন, ’আসন কমানোর এই প্রস্তাব একটি পরিকল্পিত ষড়যন্ত্র। নির্বাচন কমিশন যদি এই প্রস্তাব থেকে ফিরে না আসে, তাহলে এত কঠিন আন্দোলন করা হবে, যা সামাল দেওয়ার সক্ষমতা নির্বাচন কমিশনের নেই।’
জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ’চারটি আসন থেকে তিনটি আসন করা হলে জেলাবাসী নানাভাবে বঞ্চিত হবে। নির্বাচন কমিশন যদি চারটি আসন বহাল না রাখে, তাহলে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে দেয়া হবে।’
দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। গত ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন।