সারাদেশের ন্যায় ফেনীতেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে দাগনভুঁইয়া পৌরসভার আলাইয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
এসময় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, আমি নির্বাচনী মাঠে আসার পর থেকেই ভোটারদের মাঝে উৎসাহ উচ্ছ্বাস দেখেছি। সে উচ্ছ্বাসে ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে। এদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।
জানা যায়, ফেনীর দাগনভুঁইয়া ও সোনাগাজী উপজেলা ২ টি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে ফেনী-৩ আসন গঠিত৷ এখানে মোট ৫ লাখ ৮ হাজার ভোটার রয়েছে। ১৬১টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
ফেনী-৩ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, বিএনপির আবদুল আউয়াল মিন্টু (ধানের শীষ), জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী (বটগাছ), জাতীয় পার্টির মো. আবু সুফিয়ান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফ উদ্দিন (হাতপাখা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছের (চেয়ার), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবদুল মালেক (মই) ও ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হাসান আহমেদ (আপেল)।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জানান, ফেনীর ৩টি সংসদীয় আসনের ৪২৮ ভোট কেন্দ্রে ভোট দিবেন ১৩ লাখ ৩০ হাজারের বেশি ভোটার। ফেনীতে পোস্টাল ভোটার রেজিস্ট্রেশন করেছে ৪০ হাজার ৮ জন। আজ সকাল আটটা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।