বরিশালের উজিরপুরের একটি এবং গৌরনদীর দুটি বিদ্যালয়ে বিনা মূল্যের বই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বই উৎসবকে সামনে রেখে ভর্তি ও সেশন চার্জের নামে নেয়া হয়েছে ৭০০ টাকা পর্যন্ত। আর যারা টাকা দিতে পারেনি, তাদের বই দেয়া হয়নি।
জানা গেছে, বছরের প্রথম দিনে বই উৎসবকে সামনে রেখে উজিরপুরের জয়শ্রী-মুণ্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলীর নির্দেশে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়া হয়। সহকারী শিক্ষকরা প্রকাশ্যেই ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ এবং অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ৭০০ টাকা আদায় করে বই বিতরণ করেছেন। যেসব শিক্ষার্থী টাকা দিতে পারেনি, তারা বই না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে গেছে।
এছাড়া অভিভাবকরা অভিযোগ করেন, গত বছর ওই স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থীর কাছ থেকে ক্রীড়া প্রতিযোগিতার ফি বাবদ ৩০০ টাকা করে আদায় করা হয়। কিন্তু কোনো ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
জয়শ্রী-মুণ্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেকেন্দার আলী বলেন, টাকা আদায় করা হয়েছে ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম মাঝির নির্দেশ অনুযায়ী। একইভাবে গৌরনদীর চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ও গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়েও বই বিতরণের সময় সেশন চার্জের নামে শিক্ষার্থীদের কাছ থেকে নগদ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল হক বলেন, বই দেয়ার সময় কোনো টাকা বা সেশন চার্জ নেয়ার বিধান নেই। তবে টাকা নিয়ে থাকলে অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।