তিন জেলায় সড়কে শিশুসহ নিহত ৭

শিশুসন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন এক মা।

পথে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে মায়ের কাছ থেকে মহাসড়কে ছিটকে পড়ে শিশুটি। অন্য একটি মোটরসাইকেল থেকে এক যুবক বিষয়টি দেখে শিশুটিকে বাঁচাতে যান। এ সময় ট্রাকচাপায় নিহত হয় দুজনই। পাবনার ঈশ্বরদী উপজেলার পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া কোলেরকান্দি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন শিশুটির মা। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈষমরাও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার আরস আলী (৫৫), চুনারুঘাটের আলিফ (৭), নবীনগরের ইব্রাহিমপুর এলাকার তনয় মজুমদার (৩০) ও মাধবপুরের কাটিয়ারা এলাকার মৌসুমি দাস (৩৫)।

হাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ‘চারজনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনানুগ পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কক্সবাজার: চকরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেধাকচ্ছপিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর প্রায় ১ ঘণ্টা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে।

পাবনা: ঈশ্বরদীতে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা। নিহত দুজন হলেন আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের বাশার শেখের ছেলে বাকি বিল্লাহ (৩৫) ও পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ হোসেন (৮)। আহত মায়ের নাম আঁখি খাতুন (৩০)। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার রূপপুর এলাকা থেকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ ঘুরে ছেলে আলিফ হোসেনকে নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন আঁখি খাতুন। এ সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে আলিফ ছিটকে মহাসড়কে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে এক মোটরসাইকেল আরোহী বাকি বিল্লাহ শিশুটিকে উদ্ধার করতে সড়কে ছুটে যান। সে সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের দুজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলিফ ও বাকি বিল্লাহর মৃত্যু হয়।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও