আইন উপদেষ্টা

বিচারক সংকট ও লজিস্টিক সমস্যার সমাধান করা হবে

উপদেষ্টা বলেন, বিচারক সংকট আছে, লজিস্টিক সমস্যাও আছে। অল্পদিন হলো এসেছি। নিয়োগ দিতেও সময় লাগে। বিচারক সংকট থাকবে না। আমরা সরকারে থাকতে থাকতেই সমস্যার মোকাবেলা করে যাব।

বিদ্যমান বিচারক সংকট থাকবে না, লজিস্টিক সমস্যারও সমাধান করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ শনিবার (১২ এপ্রিল) বান্দরবানের চিফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শনবিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দিয়ে উপদেষ্টা বলেন, বিচারক সংকট আছে, লজিস্টিক সমস্যাও আছে। অল্পদিন হলো এসেছি। নিয়োগ দিতেও সময় লাগে। বিচারক সংকট থাকবে না। আমরা সরকারে থাকতে থাকতেই সমস্যার মোকাবেলা করে যাব।

তিনি আরো বলেন, পারিবারিক আদালতের মামলাগুলো সালিশে দিয়ে দেয়া যায় কিনা- বিষয়টি এখন চিন্তার পর্যায়ে আছে, সিদ্ধান্ত হয়নি। সালিশ না হলে তখন কোর্টে আসবে। এর ফলে কোর্টের ওপর চাপ কমবে।

এ সময় ছিলেন জেলা ও দায়রা জজ মো. জামিউল হায়দার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা দায়রা জজ বেগম জেবুন্নাহার আয়শা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সিরাজ উদ্দিন ইকবালসহ বিচার বিভাগীয় অন্যান্য কর্মকর্তা।

সভা শেষে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আইন উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হয়।

দাবিগুলো হলো- বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করত অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করা।

স্মারকলিপি দেওয়ার সময় ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার উপদেষ্টা সামির হোসাইন, সভাপতি মো. কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

আরও