শারদীয় দুর্গোৎসব-২০২১ উপলক্ষে সুনামগঞ্জে উলামা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে প্রথমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। এছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক সিদ্দিকুর রহমান, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায় প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সম্প্রীতির শহর সুনামগঞ্জ। এখানে হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এখানে যারা অশান্তি সৃষ্টি করবে তারা রেহাই পাবে না। অশুভ শক্তি সবসময় তার স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে চায়। ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে।