ভালুকায় সংঘর্ষে তফাজ্জল হোসেন নিহত

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ২২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ময়মনসিংহের ভালুকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুটি হত্যা মামলা হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুটি হত্যা মামলা হয়েছে। মামলা দুটিতে আসামি হিসেবে আরো ২২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ৩৫০ জনকে। গতকাল দুপুরে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলী আদালতে হৃদয় মাহমুদ জান্নাত এবং আলাদ্দীন আল আজাদ মান্নান বাদী হয়ে মামলা দুটি করেন। তারা দুজনই ভালুকা উপজেলার চাপড়বাড়ী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ আগস্ট ভালুকা উপজেলার মাস্টারবাড়ী আইডিয়াল মোড়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজহাটী গ্রামের আব্দুর রশিদের ছেলে রাজমিস্ত্রি তফাজ্জল হোসেন। পরে তিনি মারা যান।

এ ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ভালুকার সাবেক দুই এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৬৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন হৃদয় মাহমুদ জান্নাত নামে এক যুবদল নেতা। আদালত মামলাটি আমলে নিয়ে ভালুকা মডেল থানা পুলিশকে সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী হৃদয় মাহমুদ জান্নাত বলেন, ‘তফাজ্জল হত্যা মামলাটি আদালত আমলে নিয়েছেন। আমার বিশ্বাস ন্যায়বিচার পাব।’

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল হক খান জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

একই ঘটনায় একই আদালতে আলাদ্দীন আল আজাদ মান্নানের করা মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৬২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ সময় বিচারক স্মরণিকা পাল মামলা নেন। এ ঘটনায় থানায় আরো কোনো মামলা হয়েছে কিনা তা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে জানাতে ভালুকা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোখলেছুর রহমান বলেন, ‘৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিদের নির্দেশে এবং প্রত্যক্ষ অংশগ্রহণে হামলায় রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেন নিহত হন।’

আরও