সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত জেলের মরদেহ উদ্ধার

কাঁকড়া সংগ্রহ করে সুন্দরবন থেকে ফেরার পথে বেলা সাড়ে তিনটার দিকে করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় একটি কুমির সুব্রতকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়।

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে সুব্রত ম-ল (৩২) নামে এক জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে ওই ঘটনা ঘটে। প্রায় সাত ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার হয়েছে।

নিহত সুব্রত খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ ম-লের ছেলে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন থেকে সরকারি রাজস্ব দিয়ে পাশ সংগ্রহ করে সুব্রতসহ কয়েকজন জেলে কাঁকড়া ধরতে বনে প্রবেশ করেন। কাঁকড়া সংগ্রহ করে সুন্দরবন থেকে ফেরার পথে বেলা সাড়ে তিনটার দিকে করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় একটি কুমির সুব্রতকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়।

এ সময় তার সঙ্গে থাকা অন্য জেলেরা চেষ্টার পরও তাকে উদ্ধার করতে পারেননি। পরে বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা খালে তল্লাশি শুরু করেন।

সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, করমজল খাল পার হওয়ার সময় কুমিরের আক্রমণে সুব্রত মারা গেছেন। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে খালে সুব্রতর মরদেহ ভেসে উঠেছিল। আবার কুমির মুখে নিয়ে ডুব দেয়।

সাড়ে পাঁচটার দিকে আবারো কুমিরের মুখে একবার মরদেহ দেখা যায়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুমিরটি মরদেহ ছেড়ে দিলে কিছুক্ষণ দেখা গেলেও তা আবারো পানিতে ডুবে যায়। পরে রাতে মরদেহ উদ্ধার হয়েছে।

আরও