নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৫৬) নামে একজন নিহত ও ২০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত এবং ২০ জন আহত হন। গুরুতর আহত সাইদুল (২০), মঞ্জুর (৫৬) ও কুদরতকে (৫৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।