ঝড়ে সুন্দরবনে নৌকাডুবিতে এখনো নিখোঁজ চারজন

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চারজন মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গতকাল পর্যন্ত আরো চারজন মৌয়াল নিখোঁজ রয়েছেন। বন বিভাগ সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার মধ্যে মধু আহরণকালে মৌয়ালদের বহনকারী একটি নৌকা আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় হলদেবুনিয়া এলাকা থেকে চারজন মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লোকালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে এখনো নিখোঁজ রয়েছেন চারজন মৌয়াল। তারা হলেন শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আ. রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আউব আলীর ছেলে ইকরামুল কবির।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মৌয়ালরা সুন্দরবনে মধু আহরণে প্রবেশ করেন। সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বন বিভাগের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, নিখোঁজদের উদ্ধারে বন বিভাগের পাশাপাশি শ্যামনগর থানা, কোস্টগার্ড ও বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে এবং যৌথভাবে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।

প্রসঙ্গত, সোমবার (৬ এপ্রিল) রাতে সুন্দরবনের কাঁচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ভাসতে ভাসতে মঙ্গলবার সন্ধ্যার দিকে তারা সুন্দরবনের হলদেবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌঁছলে বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে স্টেশনে নিয়ে যান।

আরও