মূলত যানজট কমাতে ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যেই বিশ্বের বিভিন্ন দেশে নির্মাণ করা হয় ফ্লাইওভার। একই কারণে এক যুগ আগে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয় ফ্লাইওভার নির্মাণ। এ মুহূর্তে নগরীতে চারটি ফ্লাইওভার সাধারণ মানুষের যান চলাচলের জন্য ব্যবহূত হচ্ছে। কিন্তু নকশাবহির্ভূত র্যাম্প ও লুপসহ নানা জটিলতা, সম্ভাব্যতা যাচাইয়ে অদক্ষতা, নির্মাণ শেষে অব্যবস্থাপনা, প্রয়োজনীয় স্পিড ব্রেকার ও সংকেত চিহ্ন না থাকাসহ নানা কারণে সুবিধার বদলে সমস্যা সৃষ্টি করছে এসব অবকাঠামো। সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনাসহ ক্ষয়ক্ষতির শঙ্কা।
চট্টগ্রামে সবক’টি ফ্লাইওভার নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। পরিচালনাক্ষমতা না থাকায় পরবর্তী সময়ে এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করে তারা। তবে দায়িত্ব পেয়ে চসিকও যে খুব দেখভাল করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। উল্টো নিরাপত্তা নিয়ে কোনো সংকট তৈরি হলে বা দুূর্ঘটনা ঘটলেও কেউ তার দায়িত্ব নিতে চায় না। ফলে ব্যয়বহুল এ অবকাঠামোগুলো আসলে কে রক্ষণাবেক্ষণ করছে তা নিয়েই প্রশ্ন উঠছে।
সরেজমিনে দেখা গেছে, ফ্লাইওভারগুলোর অনেক স্থানে রেলিংয়ের পাইপ, স্ট্রিট লাইটসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গেছে। কোথাও কোথাও সড়ক বাতির আলো জ্বলে না। ফ্লাইওভারের সড়কের বিভিন্ন অংশের বিটুমিন উঠে যাওয়ায় খানাখন্দ তৈরি হয়েছে। যার কারণে গার্ডারও দৃশ্যমান হয়ে উঠেছে। এ অবস্থায় ভারী যানবাহন চলাচলের কারণে ফ্লাইওভারের মূল কাঠামোর ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে।
নগরীর ফ্লাইওভারগুলোতে যেসব সমস্যা রয়েছে, তার মধ্যে একটি হলো সড়ক বিভাজক না থাকা। কদমতলী জংশন ও দেওয়ানহাট ফ্লাইওভারে মধ্যবর্তী কোনো সড়ক বিভাজক বা ডিভাইডার নেই। যার কারণে এ ফ্লাইওভার দুটিতে যানবাহন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে বড় ধরনের দুর্ঘটনাও ঘটেছে। আবার এগুলোতে দীর্ঘদিন কার্পেটিং করা হয়নি। ফলে পিচ উঠে যাওয়া ছাড়াও দীর্ঘ ব্যবহারে খানাখন্দে ভরপুর এ দুটি ফ্লাইওভার।
ফ্লাইওভারগুলো নির্মাণের সময় প্রবেশমুখের জমি অধিগ্রহণ করে সড়কগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেয়নি প্রকল্প কর্তৃপক্ষ। সরু সড়কের কারণে চট্টগ্রামের প্রতিটি ফ্লাইওভারের মুখে তীব্র যানজট লেগে থাকে। শুধু তা-ই নয়, ফ্লাইওভার নির্মাণের কারণে নিচের সড়কগুলোর আয়তনও কমে গেছে। ফলে সেগুলোতেও বছরভর যানজটের সমস্যা লেগে থাকে।
আবার জলজটের অন্যতম স্থানও হয়ে উঠেছে ফ্লাইওভারের মুখগুলো। একটি ফ্লাইওভারেও নেই কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা। তাই প্রবল বৃষ্টিপাতের সময় ফ্লাইওভারের ওপরেই জলজটের মতো বিরল ঘটনা ঘটতে দেখা গেছে। ফ্লাইওভারের পানি নিষ্কাশনের জন্য দেয়া পাইপগুলো কাঠামো অনুপাতে ছোট, আবার সেগুলোও আবর্জনা জমে বন্ধ হয়ে থাকে। এ সমস্যা সমাধানে ২০১৯ সালের জুলাইয়ে আখতারুজ্জামান ফ্লাইওভারের পানি নিষ্কাশনের জন্য বসানো পাইপ সরিয়ে নেয়া হয়। এরপর নকশাবহির্ভূতভাবে গার্ডারের বিভিন্ন অংশ কেটে ৮-১০ ইঞ্চির পাইপ বসানো হয়। এতে ফ্লাইওভারটির কাঠামো নড়বড়ে হয়ে পড়ার শঙ্কার কথা সে সময়ই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এছাড়া দেখা গেছে, সব ফ্লাইওভার নির্মাণ শেষেই নকশাবহির্ভূত র্যাম্প ও লুপ নির্মাণ করা হয়েছে। মূল নকশায় না থাকা এসব র্যাম্প ও লুপ অনেক বেশি ঝুঁকিপূর্ণ। বিশেষ করে আখতারুজ্জামান ফ্লাইওভারের জিইসি অংশের লুপ সরু ও খাড়াভাবে নেমে যাওয়ায় সেটিকে দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রক্ষণাবেক্ষণ নিয়ে জটিলতার কারণে বন্দরনগরীর ফ্লাইওভারগুলো বেশ অপরিচ্ছন্ন। ফ্লাইওভারের ওপরেই অনেক সময় এর আবর্জনা স্তূপ করে রাখা হয়, যা যান চলাচলে বিঘ্ন ঘটায়। আবার যান চলাচলের জন্য সংকেত চিহ্নসংবলিত যে সাইনবোর্ডগুলো রয়েছে তার বেশির ভাগই অস্পষ্ট। প্রয়োজনের সময় যা চোখেই পড়ে না।
ফ্লাইওভারের সড়কগুলোতে পর্যাপ্ত গতি নিয়ন্ত্রক স্পিড ব্রেকার নেই। যার কারণে গাড়ি চলাচলে কোনো নিয়ন্ত্রণ থাকে না। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
এসব বিষয়ে নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া বণিক বার্তাকে বলেন, চট্টগ্রামে যে কয়টি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে তার বেশির ভাগই পরিকল্পনামাফিক করা হয়নি। নির্মাণকাজেরও অনেক ঘাটতি আছে। তাছাড়া যে কয়টি আছে, সেগুলোও ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। যেটুকু সংস্কার করা হয় তাও জোড়াতালি দিয়ে। এছাড়া ফ্লাইওভারগুলোর সড়কগুলোতে ওজন স্কেল না থাকার কারণে ওভার লোডের গাড়ি চলাচল করে, যা এসব স্থাপনার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। ফ্লাইওভারের এসব সমস্যা নগরীর ট্রাফিক ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।
ফ্লাইওভার-সংক্রান্ত নানা সমস্যা প্রসঙ্গে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস জানান, এগুলোর দায়িত্ব সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়েছে। এখন তাদের সঙ্গে সমন্বয় করে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে সমস্যাযুক্ত ফ্লাইওভারগুলো সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সে অনুযায়ী সংস্কারের কাজও শুরু হয়েছে। আশা করি, দ্রুত ফ্লাইওভার-সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করা হবে।