হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) শাখা।
গত ২২ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় পরিদর্শক নাজমা বেগমের নেতৃত্বে এএসআই রবিউল ইসলামসহ একটি চৌকস টিম অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী হলের বাইরে দর্শনার্থী বিশ্রামাগারের সামনে রাস্তার উপর থেকে বিশেষ কায়দায় লুকানো ৬ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। দুই আসামী কক্সবাজার থেকে ঢাকায় আসেন। তারা হলেন— ফরিদপুর জেলার ভাংগা উপজেলার তারাইলের মৃত হাচেন ফরাজীর ছেলে জোনায়েত ফরাজী (৪১) ও একই গ্রামের মো. ইব্রাহিম মীরের ছেলে ওসমান মীর। গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলার বিবরণী থেকে জানা যায়, দুই আসামী কাঁধে ঝুলানো কালো রঙা ট্রাভেল ব্যাগে করে ইয়াবা বহন করছিলেন। একজনের ব্যাগে ৪ হাজার ৪০০ পিস ও অন্যজন ২ হাজার ২০০ পিস ইয়াবা বহন করছিলেন। এ সময় তাদের কাছ থেকে একটি স্মার্ট ফোন ও একটি সিম্ফনি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।