মির্জা ফখরুল

সংস্কার ও নির্বাচন যত দ্রুত করা যায় সেটা বলেছি

'আমরা তো সংস্কার কমিশনের সঙ্গে কথা বলছি… তাদের সঙ্গে যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা দিয়েছি। এরই মধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে। ফলে সেই বিষয়গুলো নিয়ে তো প্রশ্ন উঠতে পারে না।'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের বক্তব্যের মধ্যে বলেছি, অর্থাৎ যে একই কথা বলে আসছি-সেটা হলো, সংস্কার তো অবশ্যই করতে হবে… আমরা সংস্কারের কথা আগেই বলেছি সেই সংস্কার অবশ্যই করতে হবে। কিন্তু সংস্কারটা যত দ্রুত করা যায়। মূলত নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে সেগুলো করে ফেলা এবং দ্রুত নির্বাচন করে বাকিগুলো সংসদের মাধ্যমে করে ফেলা। সংস্কারগুলো চলমান প্রক্রিয়া সেই বিষয়গুলো আমরা বলে এসেছি।

শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, জাতিসংঘের উদ্যোগে একটা গোলটেবিল বৈঠক আহ্বান করেছিল। এখানে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা ছিলেন। সংস্কার কমিশনের প্রধানরা ছিলেন।

মূলত এখানে যে সংস্কারের ব্যাপারগুলো যেগুলো নিয়ে কমিশনগুলো করা হয়েছে সেই সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা তো সংস্কার কমিশনের সঙ্গে কথা বলছি… তাদের সঙ্গে যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা দিয়েছি। এরই মধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে। ফলে সেই বিষয়গুলো নিয়ে তো প্রশ্ন উঠতে পারে না।

আপনাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিবের জবাব কি ছিল জানতে চাইলে মির্জা ফখরুল বলেন,‘উনি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

গোলটেবিল বৈঠকে সংস্কারের বিষয়ে কোনো সময়সীমার কথা বলেছেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ওখানে টাইম ফ্রেম নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। কারণ এটা তো আমাদের সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার। জাতিসংঘের মহাসচিবকে আমরা টাইম ফ্রেম দিতে যাব কেন?

গোলটেবিল বৈঠকে ছিলেন অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী উপস্থিত ছিলেন।

আরো ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস, ইউএনএইচসিআরের আবাসিক প্রতিনিধি সুম্বুল রিজভী, আইনএলও‘র কান্ট্রি ডিরেক্টের টুমো পুটিআইনেন, ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি ডমিনিকো স্কেলপেনি, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, ডব্লিউএইচও‘র আবাসিক প্রতিনিধি বর্ধন জং রানা, ইউএনওপিএসের আবাসিক প্রতিনিধি সুধীর মুরলীধরন, আইওএম‘র মিশন প্রধান ল্যানস বনেউ, ইউনেস্কোর প্রধান নির্বাহী পরিচালক ও ইউনিসেফের আবাসিক প্রতিনিধি।

আরও