নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নাই। বিগত সময়ের চেয়ে এবার আরো বেশি সম্প্রতির বন্ধন অটুট থাকবে, উৎবসমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে। সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার,পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় উপদেষ্টা পূজার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন, আয়োজকদের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবির কুমার সাহাসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় উপদেষ্টা বলেন, সকল মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এবার পূজা উৎসবমুখর হবে। নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময়ই ছিল। এবছর তা আরো ভালো হয়েছে। দেশে এবছর ৩৩ হাজার পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটি ৭ জন করে ভলান্টিয়ার নিয়োগ দেবে, আনসার সদস্য থাকবে ৮ জন করে। এছাড়াও পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।