দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সোমবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
ইউজিসি সূত্রে জানা গেছে, ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের (এসওএএস) সঙ্গে যৌথভাবে এ প্রোগ্রামের উদ্বোধন করা হবে। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি থাকবেন।
এর আগে গত মে মাসে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছিলেন, যাচাই-বাছাই শেষে যেসব বিশ্ববিদ্যালয় উপযুক্ত বিবেচিত হবে, তাদের পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমতি দেয়া হবে। এই ঘোষণার এক মাসের মধ্যেই ব্র্যাক বিশ্ববিদ্যালয় বেসরকারি পর্যায়ে দেশের প্রথম পিএইচডি প্রোগ্রাম চালুর উদ্যোগ নিচ্ছে।