ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। আজ রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর জমা দেয়া চিঠিতে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। আবেদনপত্র জমাদানের তারিখ থেকেই তার পদত্যাগ কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
পদত্যাগপত্রে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, গত ২০ মাস ধরে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ব্যক্তিগত কারণে তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। তবে অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে তিনি আগের মতোই সম্পৃক্ত থাকবেন এবং দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।
চিঠিতে তিনি সহকারী প্রক্টর, কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এছাড়া দায়িত্ব পালনের সময় উপাচার্যের দিকনির্দেশনা ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। ভবিষ্যতেও অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেবায় নিয়োজিত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।