প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সোমবার

আগামী সোমবার দ্বিতীয় দফার এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আলোচনার জন্য আবারো আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী সোমবার দ্বিতীয় দফার এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার (৩১ মে) বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বণিক বার্তাকে বলেন, আগামী সোমবার বেলা ৪টায় রাজধানীর বেইলি রোড ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে সর্বদলীয় বৈঠক করবেন। ওই বৈঠকে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, সরকার একের পর এক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আনুষ্ঠানিকতা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে বাস্তব কোনো অগ্রগতি নেই। আলোচনা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। জনগণের আস্থার সংকট কাটিয়ে উঠতে হলে বাস্তব পদক্ষেপ প্রয়োজন, কেবল আনুষ্ঠানিকতা নয়।

সংবিধান সংস্কার কমিশন যদি নিজেদের মতো করে সংবিধান পরিবর্তন করতে চায়, তবে সে বিষয়ে জাতিকে একমত হতে হবে উল্লেখ করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, জোর করে চাপিয়ে দিলে সেটা গণতন্ত্র নয়, তা হবে আরেকটি বাকশাল।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বিশ্বাস করি, মতের ভিন্নতা থাকবেই। আর ডিসেম্বরের পর নির্বাচন দেয়ার পক্ষে একটি যুক্তিও নেই। দেশের মানুষ অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।

আরও