মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তা দেয়াসহ বিভিন্ন বিষয়ে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় তারা চলমান সংকট সম্পর্কে এবং বাংলাদেশী অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি ও সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন।
আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের নিজ নিজ দেশে বসবাসরত বাংলাদেশী অভিবাসীদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। তারা বাংলাদেশ ও তাদের দেশের মধ্যকার দীর্ঘদিনের নিবিড় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে বলেন তাদের দেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের নিজেদের দেশের বাসিন্দা হিসেবে গণ্য করেন।
তারা বাংলাদেশী অভিবাসীদের কঠোর পরিশ্রমী, আইনমান্যকারী ও দায়িত্বশীল হিসেবে অভিহিত করেন এবং দেশগুলোর অর্থনীতিতে বাংলাদেশী অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।
চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুজন বাংলাদেশী নাগরিকের মর্মান্তিক মৃত্যু এবং সাতজনের আহত হওয়ার ঘটনায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। সম্প্রতি তাদের দেশে সংঘটিত বিনা উস্কানির আক্রমণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংহতি প্রকাশের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।