ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের টিয়ারা এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে টিয়ারা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকার শিশু মিয়া ও হোসেন মিয়ার মধ্যে গ্রাম্য আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
সোমবার রাতে পূর্ববিরোধের জেরে স্থানীয় বাছির মেম্বারের বাড়িতে হামলার একটি ঘটনাকে কেন্দ্র করে আবারো দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় আজ সকালে টিয়ারা বাজারে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় বাজারের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
হোসেন মিয়ার পক্ষের আহমেদ হোসেন অভিযোগ করেন, বাজারে তাদের লোকজনের ওপর শিশু মিয়ার সমর্থকেরা প্রথমে হামলা চালায়। পরে তারা প্রতিরোধের চেষ্টা করলে হামলাকারীরা কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শিশু মিয়া। তার দাবি, হোসেন মিয়ার পক্ষের লোকজনই প্রথম হামলা চালায়। হামলায় তাদের এক সমর্থক হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন। তাদের পক্ষ শুধু আত্মরক্ষার চেষ্টা করেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।