ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে দাউদকান্দি থানা পুলিশ জিসানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক মো. আবু তৈয়ব তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি কোর্ট পরিদর্শক মো. মামুনুর রশীদ।
এর আগে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. নিশাত সুলতানা জানান, জিসানের শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়নে গঠিত চার সদস্যের মেডিকেল বোর্ড প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে তাকে সুস্থ উল্লেখ করা হয়েছে। বোর্ডের সুপারিশ অনুযায়ী হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর মামলার প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে হাজির করা হয়।