দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয়েছে ভোলা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। গতকাল জেলা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের উপদেষ্টা ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু।
সম্মেলন উদ্বোধনকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনই কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি, কিন্তু বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছে। ধ্বংস্তূপের মধ্যে দাঁড়িয়ে সৃষ্টির পতাকা ওড়াই, এটাই বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নতশীল দেশে পরিণত হয়েছে। এগিয়ে যাওয়ার নাম বাংলাদেশ।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবুল হাসনাত আবদুল্লাহ এমপি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুরর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। প্রধানমন্ত্রী শেখ হসিনা আজ দেশেকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। পৃথিবীতে অনেক নেতা আসবেন কিন্তু বঙ্গবন্ধুর কন্যার মতো এমন নেতা আর হবে না, তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন। তার নেতৃত্বে দেশে পদ্মা সেতু হয়েছে। তিনি অনেক সাহসী নেতা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান, ভোলা-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল।
ত্রিবার্ষিক সম্মেলনে ফজলুল কাদের মজনু মোল্লাকে সভাপতি, আবদুল মমিন টুলুকে সিনিয়র সহ সভাপতি এবং মাইনুল হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার ডেলিগেট ও কাউন্সিলরসহ অতিথিরা উপস্থিত ছিলেন।