বরিশালে চলন্ত বাসে আগুন, প্রাণে রক্ষা পেলেন ৩০ যাত্রী

বরিশালে চলন্ত অবস্থায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসটিতের ৩০ জন যাত্রী ছিলেন। জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা যাত্রীদের।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

বাসের যাত্রীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে খুলনায় যাচ্ছিল বিআরটিসির একটি বাস। বেলা সাড়ে ১১টার দিকে শিকারপুর মেজর জলিল সেতুর টোল প্লাজার কাছে পৌঁছলে সেটিতে আগুন ধরে যায়। এ সময় যাত্রীরা দ্রুত থেকে নেমে যান। প্রায় ৩০ মিনিট সময় ধরে বাসটি জ্বলতে থাকে। পরে উজিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

যাত্রীদের অভিযোগ, কয়েকজন বাসের মধ্যে ধূমপান করেছিলেন। জ্বলন্ত সিগারেটের কারণেই বাসটিতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বাসটিতে আগুন লাগার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।

বাসচালক মো. শাহজালাল জানান, সকালে বরিশাল ডিপো থেকে যাত্রী নিয়ে খুলনা যাচ্ছিলেন। শিকারপুর সেতু পার হয়ে টোল প্লাজার সামনে গেলে যাত্রীরা বাসের মধ্যে ধোঁয়া দেখে চিৎকার শুরু করেন। বাস থামালে দ্রুত নেমে যান যাত্রীরা।

বাসের যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘চলন্ত বাসের মধ্যে অপর এক যাত্রী ধূমপান করছিলেন। ধারণা করা হচ্ছে সিগারেট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

আরও