চুক্তি ব্যবস্থাপনা ও বীমাসংক্রান্ত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ‘ইনস্যুরেন্স অ্যান্ড ইনস্যুরেন্স প্র্যাকটিসেস ইন কনট্রাক্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক এ কোর্স ৮ থেকে ১০ জুন পর্যন্ত চলবে।
সেতু কর্তৃপক্ষের মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
তিনি বলেন, দেশের বড় বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়নে চুক্তি ব্যবস্থাপনা এবং তার সঙ্গে সংশ্লিষ্ট বিমা ঝুঁকি ও তার প্রায়োগিক দিকগুলো সঠিকভাবে জানা জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা আধুনিক চুক্তি ব্যবস্থাপনায় আরো দক্ষ ও সক্ষম হয়ে উঠবেন, যা টেকসই অবকাঠামো বিনির্মাণে ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ কর্মকর্তাদের এ প্রশিক্ষণের লব্ধ জ্ঞানকে কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেন চৌধুরী প্রশিক্ষণার্থীদের স্বাগত জানান এবং চুক্তি ব্যবস্থাপনায় বিমার আইনি ও প্রায়োগিক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
৩ দিনব্যাপী আয়োজিত এ শর্ট কোর্সে সেতু কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। প্রশিক্ষণে চুক্তি ব্যবস্থাপনায় বিমার প্রয়োজনীয়তা, বিভিন্ন ধরনের বিমা পলিসি, দাবি উত্থাপন ও নিষ্পত্তি এবং ঝুঁকি ব্যবস্থাপনার সমসাময়িক বৈশ্বিক ও দেশীয় অনুশীলনসমূহ নিয়ে বিস্তারিত সেশন পরিচালিত হবে।