ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হার দিয়ে শুরু করল বাংলাদেশ। শনিবার (১৭ জানুয়ারি) রাতে জিম্বাবুয়ের বুলাওয়েতে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ডিএলএস মেথডে ১১ রানে হেরেছে আজিজুল হাকিমের দল।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ২৩৮ রানে অলআউট হয়ে যায় ভারত। বৃষ্টিতে সময় নষ্ট হওয়ায় বাংলাদেশকে ডিএলএস মেথডে ২৯ ওভারে ১৬৫ রানের সংশোধিত টার্গেট দেয়া হয়। যদিও লাল-সবুজ জার্সিধারীরা ২৮.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়।
অভিজ্ঞান কুন্ডু (১১২ বলে ৮০) ও বৈভব সূর্যবংশীর (৬৭ বলে ৭২) ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি গড়ে ভারত। দুর্দান্ত বোলিং করে ৩৮ রানে ৫ উইকেট নেন আল ফাহাদ। এছাড়া ইকবাল হোসেন ইমন ও আজিজুল ২টি করে উইকেট নেন। ৪৮.৪ ওভারে অলআউট হয়ে যায় ব্যাটিং শক্তিধর ভারত। বোলারদের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে ভারতকে হারানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ভারতের স্পিনার বিহান মালহোত্রা ১৪ রানে ৪ উইকেট শিকার করে বাংলাদেশকে ১৪৬ রানে অলআউট করে দেন। আজিজুল হাকিম ৭২ বলে ৫১ রান করেন। এছাড়া ৩৭ বলে ৩৭ রান করেন রিফাত বেগ।
এটা ১৬তম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। জিম্বাবুয়ে ও নামিবিয়া ১৬ দলের এ আসরের আয়োজক। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র; ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে; ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলংকা, আয়ারল্যান্ড ও জাপান এবং ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও তাঞ্জানিয়া প্রতিদ্বন্দ্বিতা করছে।
যুব বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সর্বোচ্চ ৫ বার শিরোপা জিতেছে ভারত। ২০২০ সালে শিরোপা জয় করে বাংলাদেশ। আজিজুল হাকিমের নেতৃত্বে এবার দ্বিতীয় শিরোপার লক্ষ্যে জিম্বাবুয়ে গেলেও শুরুটা ভালো হলো না টাইগার যুবাদের।