নভেল করোনাভাইরাসের ভুয়া সার্টিফিকেট দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে ওই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম। এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই ইয়াদুর রহমান।
সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন খান বলেন, এ আসামি করোনা টেস্টের জন্য ৭৬ জন শ্রমিকের কাছ থেকে সাড়ে ৩ হাজার করে টাকা নেন। এরপর নমুনা পরীক্ষা না করে সেগুলো ডাস্টবিনে ফেলে দেন। কেন তিনি এমন কাজ করলেন, আর কে কে তার সঙ্গে জড়িত—এসব বিষয়ে বিস্তারিত জানার জন্য পুলিশ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেছেন।
মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ জন কর্মীকে কোনো পরীক্ষা ছাড়াই করোনা নেগেটিভ রিপোর্ট দেয়ার অভিযোগে ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ হাসপাতালের কয়েকজনের বিরুদ্ধে মেট্রোরেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করীম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় গত শুক্রবার দিবাগত রাতে গোপালগঞ্জের একটি বাসা থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
মামলার অভিযোগে জানা যায়, মেট্রোরেলে কর্মরত ৭৬ জন কর্মীর করোনা পরীক্ষার জন্য তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং জনপ্রতি সাড়ে ৩ হাজার টাকা নেয়া হয়। কিন্তু কোনো পরীক্ষা না করোনা নেগেটিভ রিপোর্ট সরবরাহ করায় কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যায়।