চট্টগ্রামের মীরসরাই উপজেলার রূপসী ঝর্ণায় আটকে পড়া আটজন পর্যটককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে দ্রুত এ উদ্ধার অভিযান চালানো হয়।
জানা গেছে, ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আটজন ছাত্র পর্যটক হিসেবে রূপসী ঝর্ণা দেখতে যান। তারা ঢাকা কলেজ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও আর্মি ইউনিভার্সিটি থেকে এসেছিলেন। সীতাকুণ্ডের বড় দারোগাহাট থেকে ট্র্যাকিং করে তারা মীরসরাইয়ের রূপসী ঝর্ণায় পৌঁছান। ঝর্ণা দেখা শেষে ফেরার পথে টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঝিরি নদীর রূপ নেয়। পানি বেড়ে যাওয়ায় প্রবল স্রোতে আটকা পড়েন তারা। আটজনের মধ্যে চারজন সাঁতার জানতেন না। আর যারা জানেন, তাদের পক্ষেও ফেরার পথ হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ।
এমন পরিস্থিতিতে দলটির নুরনবী নামের একজন ৯৯৯ এ ফোন করে উদ্ধার সহায়তা চান। কলটি প্রথম গ্রহণ করেন এএসআই কাজল ভুঁইয়া ও পরেরটি কনস্টেবল আল-মামুন। তারা তাৎক্ষণিকভাবে মীরসরাই ফায়ার সার্ভিস ও থানাকে অবহিত করেন। পরে উদ্ধার তৎপরতা তদারকিতে যুক্ত হন ৯৯৯ এর পুলিশ ডিসপ্যাচার এএসআই হারুনুর রশীদ ও ফায়ার ডিসপ্যাচার মো. হানজালাল।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। থানার একটি টিমও উদ্ধার অভিযানে অংশ নেয়। প্রবল বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে দড়ি ব্যবহার করে তীব্র স্রোতের ভেতর থেকে পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সবাই শারীরিকভাবে সুস্থ আছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সময়মতো ৯৯৯ এ যোগাযোগ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।