বিলীন খালের ওপর পৌনে ৪ কোটি টাকার সেতু নির্মাণ

সংযোগ সড়ক নিয়ে আপত্তি স্থানীয়দের

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোডন্দা এলাকায় খালের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেলেও সেখানে পৌনে ৪ কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হচ্ছে।

প্রয়োজনীয়তা বিবেচনা না করে বিপুল অংকের সরকারি অর্থ ব্যয়ের এ প্রকল্প নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। একই সঙ্গে সেতুর সংযোগ সড়ক নির্মাণের কারণে আশপাশের বেশ কয়েকটি পরিবারের যাতায়াতের পথ বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় তৈরি হয়েছে নতুন জটিলতা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, মানপাশা জিসি–তালতলা–ভবানীপুর হয়ে নাচনমহল ইউনিয়ন সড়কের ফুলতলা আরএইচডি সড়কের ওপর একটি আরসিসি স্ল্যাব সেতু নির্মাণ করা হচ্ছে। বিডিআইআরডব্লিউএসপি প্রকল্পের আওতায় ১০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৯ লাখ ৫৪ হাজার ৩১৩ টাকা। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি এমএস ইসলাম ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এর নির্মাণকাজ শুরু করে, যা ২০২৫ সালের নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ৭৪ লাখ টাকা বিলও পরিশোধ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্প এলাকায় একসময় একটি ছোট খালের ওপর বক্স কালভার্ট ছিল। কিন্তু কালভার্টটি ভেঙে দীর্ঘ সময় ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে সেখানে খালের কোনো অস্তিত্বই নেই। বাস্তব পরিস্থিতি ও স্থানীয়দের উপযোগিতা বিবেচনা না করেই সম্পূর্ণ অযৌক্তিকভাবে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা স্পষ্টতই সরকারি অর্থের অপচয়।

প্রকল্পের উপযোগিতা নিয়ে প্রশ্নের পাশাপাশি নতুন সংকট তৈরি হয়েছে সংযোগ সড়ক নির্মাণকে কেন্দ্র করে। ভুক্তভোগী আব্বাস হাওলাদার, মোর্শেদা বেগম, জামাল ও সবুজ জানান, সেতুটির সংযোগ সড়ক তৈরি করা হলে তাদের বসতবাড়ির সামনের একমাত্র চলাচলের পথটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।

এদিকে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী মঈনুল আযমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে এ অভিযোগ অস্বীকার করে উপসহকারী প্রকৌশলী মঈনুল আযম জানান, কাজে কোনো ধরনের অনিয়ম হয়নি।

নলছিটি উপজেলা প্রকৌশলী আজিজুল হক জানান, আগে থাকা একটি বক্স কালভার্টের স্থানেই নতুন সেতুটি নির্মাণ করা হচ্ছে। বাসিন্দাদের ক্ষতি না করে সংযোগ সড়ক নির্মাণ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও