বাংলাদেশে এ মুহূর্তে জাতীয় ঐকমত্য খুব বেশি জরুরি। জামায়াতসহ সকল রাজনৈতিক দলের উদ্দেশে এ মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (১৬ আগস্ট) রাতে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘দৈনিক মেঘনা প্রতিদিন’ আঞ্চলিক পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপি নেতা এ্যানি বলেন, আমরা মনে করি জাতীয় ঐকমত্যটা খুব বেশি দৃঢ় হওয়া উচিত। কিন্তু বর্তমান সময়ে যখন বিভিন্ন দল থেকে দু’চারটি বিচ্ছিন্ন- বিক্ষিপ্ত কথা বলা হচ্ছে, আমরা তখন আশাহত হই। আমরা যেন আশাহত না হই, সে চ্যালেঞ্জটা বাস্তবায়নে তারেক রহমান কাজ করেছেন। সে জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছেন তিনি।
এ্যানি বলেন, ফ্যাসিস্ট দ্বারা আমরা অত্যাচারিত- নির্যাতিত, গুম-খুনসহ কারাবরণ করেছি। তারপরও ৫ আগস্টের আগে ও পরে সবার চিন্তা করা উচিত। কিছুটা বিক্ষিপ্ত, কিছুটা বিচ্যুতি হলেও শেষ পর্যন্ত সকল রাজনৈতিক দল একই মঞ্চে থেকে জাতীয় ঐকমত্যের সরকার গঠনে এগিয়ে আসবেন— এমন প্রত্যাশা ব্যক্ত করেন এ্যানি।
বিএনপির এই নেতা আরো বলেন, আমরা যারা আস্থা ও বিশ্বাসের জায়গায় রয়েছি, সরকারি দল হোক আর নির্বাচনের মাধ্যমে বিরোধী দল হোক— জাতীয় ঐকমত্যের সরকার গঠনের মধ্য দিয়ে দেশ পরিচালনা করতে চাই। এজন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে।
এর আগে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
জেলা বিএনপির সদস্য সচিব ও দৈনিক মেঘনা প্রতিদিনের সম্পাদক শাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর - ৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশ্রাফ উদ্দিন নিজান, জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালসহ অনেকে।