পুলিশের ডিআইজি-এসপি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার ঢাকার খিলগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহূত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার বাকুই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে ফখরুদ্দিন মোহাম্মদ আজাদ ও তার সহযোগী রুবেল।
গতকাল বেলা ১১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ফখরুদ্দিন মোহাম্মদ আজাদ দীর্ঘদিন ধরে ডিআইজি, এসপিসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। এখন পর্যন্ত অন্তত ১১ জন ভুক্তভোগী তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ করেছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার বাসা থেকে পুলিশের পোশাক পরা অবস্থায় ছবি, ভুয়া সিল-অফিশিয়াল ডকুমেন্ট জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ফখরুদ্দিন মোহাম্মদ আজাদ পুলিশে চাকরি দেয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। ১৯৯১ সালে ফখরুদ্দিন সাব-ইন্সপেক্টর হিসেবে যোগ দিলেও ঘুষ গ্রহণের অভিযোগে তিনি চাকরিচ্যুত হন। ২০০০ সালে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে তিনি গ্রেফতার হন। পরে ছাড়া পেয়ে আবারো প্রতারণা শুরু করেন।
সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল মামুন, সাখাওয়াত হোসেন ও তানভীর সালেহীন ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।