রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী

জানা গেছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ৩.৮৫ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৬৮ জনকে এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। তাদের মধ্যে বিবিএ পর্যায়ের ২৮ জন এবং এমবিএ পর্যায়ের ৪০ জন শিক্ষার্থী রয়েছেন।

ভালো ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ৬৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি শিক্ষা, গবেষণা, প্রকাশনা ও পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে অনুষদের ছয় শিক্ষককেও এ অ্যাওয়ার্ড দেয়া হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ডিনস অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

জানা গেছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ৩.৮৫ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৬৮ জনকে এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। তাদের মধ্যে বিবিএ পর্যায়ের ২৮ জন এবং এমবিএ পর্যায়ের ৪০ জন শিক্ষার্থী রয়েছেন।

বিভাগভিত্তিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ১৩ জন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৯ জন, মার্কেটিং বিভাগের ২৭ জন, ফাইন্যান্স বিভাগের ২ জন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ৬ জন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১১ জন রয়েছেন। পুরস্কার হিসেবে তাদের ক্রেস্ট, সনদ ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।

ডিনস অ্যাওয়ার্ড পাওয়ার পর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, এমন সম্মাননা পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি এ সম্মাননার জন্য বিভাগসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। কঠোর ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি এই অর্জন সম্ভব করেছেন। পাশাপাশি বাবা-মায়ের দোয়া এবং শিক্ষকদের দিকনির্দেশনা তাকে এ সাফল্য এনে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন কৃতি শিক্ষার্থী ও পুরস্কৃত শিক্ষকদের অভিনন্দন জানান। তিনি জানান, এই অর্জন কেবল একটি সনদ বা অর্থমূল্য নয়, বরং শিক্ষার্থীদের নিষ্ঠা ও একাডেমিক অঙ্গীকারের প্রতিফলন। এ সাফল্য ভবিষ্যতে কৃতিদের পথচলাকে আরো শক্তিশালী করবে এবং অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সম্মাননা প্রদান করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই আয়োজন যেন প্রতিবছর অব্যাহত থাকে, সে বিষয়ে তিনি জোর দেন।

তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই স্বীকৃতির ফলে তাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। অর্জিত সাফল্য ধরে রাখার পাশাপাশি ভবিষ্যতের কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করার জন্য তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. হাসনাত কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশিদ। এছাড়া কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।

আরও