ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গতকাল শনিবার বিকালে উপজেলার বুড্ডা নদীর বাঁকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকাবাইচ ঘিরে নদীর দুই পাড়ে তৈরি হয় উৎসবের আমেজ। ক্ষমতাপুরের পশ্চিম দিক থেকে বুড্ডা নদীর ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ছিল দর্শনার্থীদের ভিড়। নদীর পাড়ের পাশাপাশি শত শত ভাড়া করা নৌকায় চড়ে দর্শকরা প্রতিযোগিতা উপভোগ করেন। নারী দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
আয়োজক কমিটির সভাপতি ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ জানান, এবারের প্রতিযোগিতায় শেখ বয়েজ ক্লাব, শাপলা বয়েজ ক্লাব, এক্তারপুরের মজিবুর রহমান, বুল্লার বাসু মিয়া ও এক্তাপুরের শাহআলম মিয়ার নৌকা অংশ নেয়।
প্রতিযোগিতায় ক্ষমতাপুরের শাপলা বয়েজ ক্লাবের নৌকা প্রথম, বুড্ডার শেখ বয়েজ ক্লাব দ্বিতীয় এবং বুল্লার বাসু মিয়ার নৌকা তৃতীয় স্থান অর্জন করে।
প্রথম স্থান অর্জনকারী নৌকাকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি ষাঁড়, দ্বিতীয় স্থান অর্জনকারীকে একটি ফ্রিজ এবং তৃতীয় স্থান অর্জনকারীকে একটি টেলিভিশন পুরস্কার দেয়া হয়। প্রতিযোগিতায় অংশ নেয়া অন্যান্য নৌকার মালিকদেরও সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।